ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুন ধরে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।


