ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি : ফয়েজ আহমদ তৈয়্যব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি- সংগৃহীত

নাগরিক সেবা আরও সহজ, সমন্বিত ও জনবান্ধব করার লক্ষ্যে মাঠপর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ শুক্রবার (৯ জানুয়ারি) কুমিল্লার সার্কিট হাউজ মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংস্কারমূলক উদ্যোগ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি সেবায় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করা, দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং এক ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিত করা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সেবাগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত কাঠামোর আওতায় এক জায়গা থেকেই সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা সেবার মান ও দক্ষতা উভয়ই বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবা কেন্দ্রগুলো স্থানীয় পর্যায়ে সরকারের সেবাদানের বিশ্বাসযোগ্য প্রতিফলন হিসেবে কাজ করবে। সেবাগ্রহীতার আস্থা, সন্তুষ্টি ও অভিজ্ঞতাই হবে এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড। টেকসই, নিরাপদ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থার মাধ্যমেই এই সংস্কার কার্যক্রমের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ সহকারী আরও বলেন, এই উদ্যোগের বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করবেন। স্থানীয় পর্যায়ে তারাই নাগরিক সেবা কেন্দ্রের মূল চালিকাশক্তি এবং সরকারের প্রতিনিধিত্বকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার বিষয়টিতে বিশেষ গুরুত্বারোপ করেন।

উদ্যোক্তারা জানান, দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে তারা ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছেন এবং নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. সালমান ফার্সি।