আমার কোনো গুন্ডাপান্ডা নাই। আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব—জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।’
তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন।”


