কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎখাতে দুর্নীতির অভিযোগ তুলে ‘কার্ড মিটার’ প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে গ্রাহকরা চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, সোমবার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন মজুমদারের নেতৃত্বে শতাধিক গ্রাহক ওয়াপদা অফিসের সামনে অবস্থান নিয়ে কার্ড মিটার বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওয়াপদার আবাসিক প্রকৌশলীর সঙ্গে আন্দোলনকারী গ্রাহকদের প্রতিনিধি দলের মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময় সভায় গ্রাহকদের পক্ষে উপস্থিত ছিলেন মাস্টার আবু তাহের, ব্যবসায়ী মো. সোহেল, গাজী লিটন ও মো. এয়াছিন।
এ সময় গ্রাহকরা অভিযোগ করেন, কার্ড মিটার ব্যবস্থায় গ্রাহকের বিল পরিশোধের কোনো নির্ভরযোগ্য প্রমাণ থাকে না। এ ছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে বিলের টাকা আত্মসাতের আশঙ্কা রয়েছে। তাদের দাবি, কার্ড মিটার তুলে দিয়ে আগের মিটার ব্যবস্থা চালু করতে হবে এবং গ্রাহকদের নিকট থেকে নেওয়া মিটার ফেরত দিতে হবে।
তারা আরও বলেন, কার্ড মিটার ব্যবস্থার ফলে দেশে বেকারত্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে।
পরে আন্দোলনকারীদের দাবিসমূহ স্মারকলিপি আকারে দাখিল করার অনুরোধ জানানো হলে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম ওয়াপদার আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



