কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত রমিজ উদ্দিন রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের বরাতে জানা গেছে, মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে তা নিজ বাড়িতে আনার কথা রয়েছে।
পরিবারের দাবি, গত সোমবার স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। এ সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় রমিজ উদ্দিন মাদক কারবারিদের এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন