চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস কুমিল্লার লাকসাম জংশন-এ দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি জংশনে পৌঁছানোর পর দিক পরিবর্তনের জন্য ইঞ্জিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এনে বগির সঙ্গে সংযুক্ত করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ইঞ্জিনটি একটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনটির নির্ধারিত সময়সূচিতে বিঘ্ন ঘটে।
দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাকসাম জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। পাশাপাশি রেললাইন মেরামতের কার্যক্রমও চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে চাঁদপুর বড় স্টেশনের মাস্টার সোয়েবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কখন লাইন ক্লিয়ার হবে এবং ট্রেনটি কখন চাঁদপুরে পৌঁছাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাইন স্বাভাবিক হলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


