কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার দিবাগত রাত প্রায় ২টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাব উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাঁদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো নিজের পিকআপে করে চৌয়ারা বাজারে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে গভীর রাতে চৌদ্দগ্রামের বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছালে পিকআপটি বিকল হয়ে পড়ে। এ সময় নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও কাঠের রোল নিয়ে চালক ও হেলপার মো. আকাশের ওপর হামলা চালায়।
তারা মারধর করে পিকআপসহ গরুগুলো ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাব উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


