কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে নয়ন (৩০) নামে এক ফলের আড়তের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত নয়ন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নয়ন কোম্পানীগঞ্জ বাজারের একটি ফলের আড়তে কাজ করতেন। গত ৩ এপ্রিল ফল পরিবহন ভাড়া নিয়ে বাখরনগর গ্রামের পিকআপ চালক আশিকের সঙ্গে তার বাগবিতণ্ডা ও ঝগড়া হয়।
এর জের ধরে শনিবার রাত ৯টার দিকে নয়ন বাজার থেকে বাড়ি ফেরার পথে নগরপাড়া পশ্চিমপাড়া পাকা সড়কে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে নয়নের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
একপর্যায়ে নয়ন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা নয়নকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্বজনরা জানান, নয়নের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। ছেলের এমন অবস্থার খবর শুনে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।
এ ঘটনায় নয়নের ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মনির হোসেন বলেন, আসামিরা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই মাথায় আঘাত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন