কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তার মেয়ে রোকাইয়া (৫)। ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশিদিন তার সংসার টেকেনি। পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান। তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষপান করেন। একপর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখে মেয়ে ও নাতনি বিষপান করেছে। এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুজনেই মৃত্যুবরণ করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. মাসরুরুল হক জানান, লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে।
-20260409175708.webp)

