ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লায় উল্টোপথে আসা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে কুমিল্লাগামী শাহ আলী পরিবহনের একটি বাস উল্টোপথে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনী বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।