ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রিজের পাটাতন ভেঙে ভোগান্তি, মেরামত করালেন বিএনপি নেতা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৩২ এএম
চলছে ব্রিজ মেরামতের কাজ। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। খবর পেয়ে ব্রিজের পাটাতন মেরামত করে যানবাহন চলাচল নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

জানা যায়, গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যায়। পাটাতন সরে যাওয়ায় দুই দিন ধরে এক লেনে যানবাহন চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও গাড়িচালকরা ভোগান্তিতে পড়েন।

বিষয়টি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে ব্রিজটি দ্রুত সচল করার উদ্যোগ নেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মুরাদনগরের তারুণ্যের প্রিয় মুখ কাজী শাহ আরেফিন।

খবর পাওয়ার পরই তিনি ব্রিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

দলের পক্ষ থেকে মেরামতকাজে অংশ নেন আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ ও আরিফ। রাত ৯টার দিকে ব্রিজের মেরামত কাজ শেষ হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ও দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন ও কাজী শাহ আরেফিন। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় তখনও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছিলেন এলাকাবাসী।

স্থানীয়রা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জনগণের বিপদে এভাবে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।’