ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীতের থাবায় দিনাজপুর, তাপমাত্রা ১০ ডিগ্রি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩৭ পিএম

উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো আকার ধারণ করেছে। টানা কয়েক দিনের শীতল আবহাওয়ার ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। সকাল ৯টায় চূড়ান্ত হিসাব অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পুরো জেলা আচ্ছন্ন থাকে। এর ফলে সকাল বেলায় সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে আগুন পোহাতে দেখা গেছে।

এদিকে শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুরে দুপুর ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সকাল ও রাতের তীব্র শীতের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।