দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের নতুন বরাদ্দকৃত চাল আমদানি শুরু হয়েছে।
মের্সাস দিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুই ট্রাকে ৭৭ ম্যাট্রিক টন চাল ভারতের উত্তর প্রদেশ থেকে আমদানি করেছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাল বোঝাই দুটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা এম. আর. জামান বাধন বলেন, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ আগস্ট ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অনুমতির মেয়াদ শেষ হওয়ায় ১ ডিসেম্বর থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। তবে সরকার নতুন করে চাল আমদানি করার অনুমতি দেওয়ায় আজ হিলি স্থলবন্দর দিয়ে দুই ভারতীয় ট্রাকে ৭৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম অনেকটাই কমে আসবে।
উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী ইউসুফ আলী বলেন, সারা দেশের ২৩২ জন আমদানিকারককে ২ লক্ষ ম্যাট্রিক টন চাল আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে হিলির ৩২ জন আমদানিকারক ১৬,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে।
তিনি আরও বলেন, চাল আমদানির সময়সীমার শেষ সময় ১০ মার্চ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন