বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাড়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোকাররম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার রতনোর গ্রামে।
আটককৃত মাদকের সিজার মূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।
পরে বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আসামিকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন