ভারতে হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর থেকে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।
এর আগে, বুধবার (৪ মার্চ) ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি উদ্যাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। এর ফলে ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ ছিল।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, ‘হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীরা একদিনের জন্য কার্যক্রম বন্ধ রাখেন। তবে বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।’
তিনি আরও জানান, ‘বর্তমানে বন্দরে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে এবং বন্দর এলাকায় লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
এদিকে, ইমিগ্রেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন