ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’

রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুলতানা পারভীন, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মনিক এবং বেসরকারি সংস্থা ল্যাম্বের ফিল্ড কো-অর্ডিনেটর চন্দনা মিনজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর আলোচনা সভায় গুরুত্বারোপ করা হয়।