আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে নিজ বাড়ি দিনাজপুরের হিলির মুনশাপুরের উদ্দেশ্যে রওনা দেয় একটি পরিবার। একই মোটরসাইকেলে দুই ছেলেসহ মা-বাবা আনন্দঘন মুহূর্ত নিয়ে ফিরছিলেন আপন ঠিকানায়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কোলে থাকা ৬ মাসের শিশুসহ মা-বাবা মোট তিনজন নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া; যেখানে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
নিহতরা হলেন হিলির মুনশাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমাইয়া (৩০) এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ, আর ঈদের আনন্দ যেন থমকে গেছে মুনশাপুর গ্রামে।


