বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গণতান্ত্রিক ধারার প্রতি চরম আঘাত।
বুধবার (২৫ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, সরকারের যেসব কল্যাণমূলক উদ্যোগ রয়েছে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই, আর যেসব কার্যক্রম দেশের জন্য ক্ষতিকর, সেগুলোর প্রতিবাদ করি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়। অন্যান্য দল নির্বাচনে পরাজিত হলে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে; কিন্তু জামায়াত পরাজিত হলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। তাই নির্বাচনে হার বা জয় কোনো বিষয় নয় সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, জামায়াতের প্রতি আড়াই কোটি মানুষের সমর্থন রয়েছে এবং গণভোটে ৪ কোটিরও বেশি মানুষের সমর্থন পাওয়া গেছে। তাই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ২২৪টি আসনে নির্বাচন করে ৬৮টি আসনে বিজয়ী হয়েছি। যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তাদের আরও কাছে টেনে নিতে হবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশীদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

-20260325211630.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন