দিনাজপুরের নবাবগঞ্জে একসঙ্গে ৬টি সড়কের নির্মাণ ফলক উন্মোচন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা সদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে এসব সড়কের ফলক উন্মোচন করা হয়।
উন্মোচিত সড়কগুলোর মধ্যে হাতিশাল থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কসহ কুশদহ, মাহমুদপুর, ভাদুরিয়া ও শালখুরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুর-৬ আসনের আওতাধীন নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা কৃষিনির্ভর এলাকা হওয়ায় এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়রা বলেন, মন্ত্রীর উদ্যোগে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হয়েছে। জেলা বিএনপির নেতা মো. হাসানুজ্জামান উজ্জ্বল বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রীর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং সড়ক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী জানান, সরকারের উদ্যোগে একযোগে ছয়টি সড়কের কাজ শুরু হয়েছে, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারেস উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন