দিনাজপুর জেলায় টানা বৃষ্টিপাতে গত ৮ দিনে মোট ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিল মাসের ২৫ তারিখ সকাল ৬টা থেকে শুরু করে মে মাসের ২ তারিখ সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
শনিবার (২ মে) সকালে জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হয় ২৩ মিলিমিটার এবং ২৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এছাড়া, ২৮ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৫ মিলিমিটার এবং ২৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সময়ে খুবই কম, মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টি হয়।
তবে ১ মে থেকে ২ মে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও কৃষি খাতে এ বৃষ্টিপাত উপকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন