ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হুমকির প্রতিবাদে কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:৪৪ পিএম
ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচার।

ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)-এ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এ সময় মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচনি প্রচারে হুমকি ও গালাগাল জনগণের অধিকার এবং ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।

সমর্থকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ এলাকায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ নিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। 

এ ছাড়া নির্বাচনি গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল, পাশাপাশি গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজে মাথায় করে চালের বস্তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।