ফরিদপুরের মধুখালীর বাগাট মিষ্টান্ন ভান্ডারের মালিককে দুপুরে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য ওই দোকান থেকেই দই কেনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
সোমবার (৯ মার্চ) মধুখালীতে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাট বাজারের রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানে কারখানায় তেলে ময়লা, পুরোনো মিষ্টির সিরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
তবে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলের জন্য ওই দোকান থেকে দই কেনা হয়। ইফতারে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দইও পরিবেশন করা হয়।
দোকানের মালিক সুকুমার ঘোষ জানান, দুপুরে কারখানায় নতুন তেলের ব্যারেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা তা নিজেরাই খোলেন এবং ময়লা পাওয়ার অভিযোগ তোলেন।
এ ছাড়া সিরার পুরোনো হওয়ার অভিযোগ আনা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলে দোকান থেকেই ১৩৫ কাপ দই কেনা হয় এবং দামও পরিশোধ করা হয়।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, কারখানায় কিছু অপরিচ্ছন্নতা ও অনিয়ম দেখা যাওয়ায় জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের।
এ বিষয়ে ইউএনও রওশনা জাহান বলেন, দোকানের সবকিছুই খারাপ নয়। যেসব জিনিস খারাপ ছিল, সেগুলোই জরিমানা করা হয়েছে। সব খারাপ হলে দোকান সিলগালা করা হতো।
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, দুপুরে জরিমানা ও বিকেলে দই কেনার বিষয়টি বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে কনফ্লিক্টিং মনে হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন