ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়ায় সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সাতবাড়িয়া এলাকার রাসেল স্টোরে এ ঘটনা ঘটে।
রাসেল স্টোরের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। রাত ২টার দিকে উঠে একবার লাইট জ্বালিয়ে চারদিক দেখে আবার ঘুমিয়ে পড়েন।
ফজরের সময় সাতবাড়িয়া তেমুহনী জামে মসজিদের মুয়াজ্জিন দোকানের দরজা খোলা দেখে দোকানদারকে ডাকেন। পরে বেলায়েত হোসেন এসে দোকানে ঢুকে দেখেন, দোকানের পূর্ব পাশের দেয়ালে সিঁধ কাটা।
পরে দোকানের মালামাল যাচাই করে দেখা যায়, চোরেরা প্রায় ৪০ হাজার টাকার সিগারেট, তিন হাজার টাকার মোবাইল কার্ড এবং ক্যাশবাক্স থেকে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা নিয়ে গেছে।
বেলায়েত হোসেন আরও বলেন, এটি আমার একমাত্র জীবিকার অবলম্বন। ঋণ করে কোনো রকমে দোকান করে পরিবার চালাচ্ছি। এমন সময় চোরেরা এ কাণ্ড ঘটিয়েছে। আমি এখনো থানায় অভিযোগ দিইনি।
সাতবাড়িয়া যুব কমিটির সাধারণ সম্পাদক আবু ইউছুপ ঝন্টু বলেন, ঘটনার কথা জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমার এ বয়সে নিজ এলাকায় এমন সিঁধেল চুরি আর দেখিনি।
যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সাতবাড়িয়া যুব কমিটির সভাপতি ইকবাল হোসাইন সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আসলে কী বলব, ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাইকে আরও সচেতন হয়ে চোরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন