ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির নেতা মুন্সি রফিকুল আলম মজনু ও জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন স্থগিত ও বাকি ৩ জনের জটিলতা থাকায় বাতিল করা হয়।
রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বাছাই শেষে ১০ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, জাতীয় পার্টি মোতায়ের হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন আনোয়ার উল্যাহ ভুঁইয়া ও বাংলাদেশ মুসলিম লীগ মাহবুব মুর্শেদ মজুমদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে মনোনয়ন বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়াকে ১ শতাংশ স্বাক্ষর না থাকাতে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাজমুল আলমকে আয়কর কপি জমা না দেওয়ায় এবং বাংলাদেশ কংগ্রেস মো.. ফিরোজ উদ্দিন চৌধুরীকে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়াও বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মনোনয়নপত্রটি স্থগিত করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনীর ৩টি আসনে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ফেনী-১ আসন থেকে ১০ জনের মনোনয়ন দাখিল করা হয়।
তার মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে। ৩ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনয়নপত্র স্থগিত করেন। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের আপিল করার সুযোগ রয়েছে।


