ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৪২ পিএম
ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম রিয়াদ তার মৃত বাবার খাটিয়া ধরে নিয়ে যাচ্ছেন। ছবি- রূপালী বাংলাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম রিয়াদ।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্যারোলে মুক্তি পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ পাহারায় তিনি তার পিতা আবু ছুপিয়ানের জানাজায় অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত ২০ ডিসেম্বর সোনাগাজীর সমবায় (কাশ্মির) বাজারের একটি দোকান থেকে কামরুল ইসলাম রিয়াদকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি ফেনীর একটি মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

গ্রেপ্তারের পর তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পিতার জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় নিজ বাড়িতে প্রবেশ করলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

জানাজায় অংশ নিয়ে কামরুল ইসলাম রিয়াদ বলেন, ‘তার বাবা জীবদ্দশায় যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, সে জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।’

উল্লেখ্য, আবু ছুপিয়ান শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ইন্তেকাল করেন। তিনি মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের গোলাম আলী মাঝি বাড়ির ফকির আহম্মদের ছেলে।