ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসন- ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ -এ দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে পৃথক সময়ে এসব আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে তিন আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ১ জনের মনোনয়ন স্থগিত ও ৩ জনের মনোনয়ন বাতিল, ফেনী-২ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল এবং ফেনী-৩ আসনে ৪ জনের মনোনয়নপত্র গৃহীত হয়নি। অপরদিকে তিন আসনে মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর কম থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন- খালেদা জিয়ার বিকল্প প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঁইয়া এবং জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।
ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন-ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল ও এস এম হুমায়ুন কবির পাটোয়ারী।
এ আসনে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. একরামুল হক ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জেএসডির শামসুদ্দিন মজুমদারসহ মোট ৯ জন।
ফেনী-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৪ জনের মনোনয়নপত্র গৃহীত হয়নি। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপির আবদুল আউয়াল মিন্টু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন ও জাতীয় পার্টির আবু সুফিয়ানসহ ৭ জন।
অন্যদিকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, খেলাফত মজলিস এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন