ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে শুরু হলো স্কুল ফিডিং কর্মসূচি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, স্কুলে ঝরে পড়া রোধ এবং উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সোনাগাজী পৌরসভার মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. লোকমান খান, উপজেলা কো-অর্ডিনেটর শাহ নেওয়াজসহ অভিভাবক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসাথে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি রোববার বনরুটি-সিদ্ধ ডিম, সোমবার বনরুটি, মঙ্গলবার কলা এবং বুধবার ও বৃহস্পতিবার বনরুটি-সিদ্ধ ডিম দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ফেনী জেলার মধ্যে সোনাগাজী উপজেলাকে পাইলটিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।