অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ফেনীর ২৮টি ফিলিং স্টেশনে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাকে নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ট্যাগ অফিসারদের দৈনিক মজুত রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক ও ডিপরডের মাধ্যমে তেল পরিমাপ, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণসহ প্রতিদিন অন্তত তিনবার তদারকি করতে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন