পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, শুধু অর্থ বিনিয়োগ করলেই দারিদ্র্য দূর হয় না। দারিদ্র্য বিমোচনের জন্য সম্পদ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। তাই সামাজিক অবক্ষয় ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে ব্যবসায়ীরা নিরাপদভাবে ব্যবসা পরিচালনায় উজ্জীবিত হবে ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু এমপি বলেন, একসময় কৃষিজমিই মানুষের প্রধান সম্পদ ছিল। বর্তমানে প্রযুক্তির বিকাশের ফলে মানুষের চিন্তা-চেতনা ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে। সমাজ, রাজনীতি ও অর্থনীতির সমন্বয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে দেশের অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে এবং দারিদ্র্যের পাশাপাশি সামাজিক অপরাধও কমে আসবে।
মাদকদ্রব্য অপরাধ ও সমাজ পরিবর্তন বিষয় সম্পর্কে তিনি বলেন, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজকেও পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, একনেক সভায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ফেনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও বরাদ্দ দেওয়া হবে। এ জেলার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সুদৃষ্টি রয়েছে।
এ সময় রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাকে চাপ প্রয়োগ করা হয়নি। তিনি নিজ চ্ছায় পদত্যাগ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং এফবিসিসিআই সংস্কার কমিশনের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শপথগ্রহণ অনুষ্ঠানের আহ্বায়ক ও সাবেক পরিচালক মুশফিকুর রহমান পিপুল। সঞ্চালনা করেন সাবেক পরিচালক জালাল উদ্দিন বাবলু।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সদ্য সাবেক সহসভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফরিদ উদ্দিন পাঠান এবং নবনির্বাচিত সভাপতি হারুন অর রশীদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সংগঠনের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৭ জুন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও শপথগ্রহণ অনুষ্ঠান এদিন সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন