গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরার জালে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ককটেল নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরের জালে একটি ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তিনজন মাছ ব্যবসায়ী সকালে পুকুরে মাছ ধরতে যান। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে তারা বোমাসদৃশ বস্তু দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ, পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের সদস্য এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


