ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন এসব প্রার্থী।
জামায়াতের নেতাকর্মীরা জানান, দলীয় সিদ্ধান্তের কারণে গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।
গাজীপুর-২ আসনে জামায়াতের ছেড়ে দেওয়া আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অ্যাডভোকেট আলী নাসের খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতা হওয়ায় গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হোসেন আলী তার প্রার্থিতা প্রত্যাহার করেন। একইভাবে গাজীপুর-৩ আসনে জোটের স্বার্থে জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
এছাড়া গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার তার প্রার্থিতা প্রত্যাহার করেন। বিভিন্ন ইস্যুতে জাতীয় পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আরও পাঁচজন প্রার্থী শেষ মুহূর্তে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
নির্বাচন কমিশন গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে এখন মোট ৪২ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আনুষ্ঠানিক ও সরব প্রচারণা শুরু হবে। গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখের বেশি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন