গাজীপুরের শ্রীপুরে পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় জসিম আহম্মেদ (৪৫) নামে এক কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত জসিম আহম্মেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করছিল। এ সময় কারখানার ১ নম্বর গেটের উত্তর পাশে রাস্তার ওপর দায়িত্ব পালন করছিলেন জসিম আহম্মেদ। গাড়িটি প্রবেশের সময় অসাবধানতাবশত তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর গাড়ির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করা হয়। তবে দুর্ঘটনার পর চালক মাইন উদ্দিন পালিয়ে যান। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বাগমারা এলাকার বাসিন্দা এবং শ্রীপুর পৌরসভার গার্বেজ ট্রাকের চালক হিসেবে কর্মরত।
এ বিষয়ে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর জহির আহমেদ বলেন, ময়লার গাড়িটি কারখানার ফটকের পাশে অবস্থান করছিল। পরে সেটি ঘুরিয়ে অন্যত্র নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেই অপরাধ করুক, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে শ্রীপুর পৌরসভা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন