গাজীপুর কোর্ট হাজত (গারদখানা) থেকে এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে রাতে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) গাজীপুর আদালতে হাজির করার পর ওই আসামিকে কোর্ট হাজতে রাখা হয়। কোনো এক সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।
জানা গেছে, এর আগে শনিবার কালীগঞ্জ থানা পুলিশের এসআই শামীম শেখের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণ বাগ গ্রাম থেকে আমীর আলীর ছেলে ফারুক ওরফে বাঙ্গালীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে রোববার তাকে আদালতে পাঠানো হলে কোর্ট হাজতে রাখা হয়।
আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি কোর্ট পুলিশের নজরে এলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ফারুককে তার বাড়ি থেকে পুনরায় আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


