গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এলাকায় সম্ভাব্য অপরাধমূলক কার্যক্রমের প্রস্তুতি ভেস্তে গেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কয়েকটি বাড়িকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, অপরাধীরা অভিযান টের পেয়ে আগেই এলাকা ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে সেনাবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আর্মি ক্যাম্প থেকে জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গাছা থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।


