ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে।
প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন স্থির হয়ে থাকে। বিশেষ করে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট ভয়াবহ রূপ নেয়।
এ সুযোগে পরিবহনসংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যেখানে স্বাভাবিক সময়ে ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়া, সেখানে যাত্রীদের কাছ থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।
অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভও করে। এতে যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে মানুষের চাপ বাড়তে শুরু করে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। অনেকে রাতভর সড়কে অপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
এক যাত্রী জানান, ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম, কিন্তু যানজটে আটকে পড়ি। সকালেও গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, তার ওপর অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।
পোশাক শ্রমিকদের অভিযোগ, কোনো গাড়িতে ন্যায্য ভাড়ায় ওঠা যাচ্ছে না। একটি সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করছে, কিন্তু প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আসা এক বাসচালক বলেন, রাত ১টার দিকে সাভারে পৌঁছানোর পর সকাল হয়ে যায় চন্দ্রা পর্যন্ত আসতে। যাত্রীচাপ বেশি এবং অনেক গাড়ি যানজটে আটকে থাকায় ভাড়া বেড়েছে।
যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, শিল্পকারখানায় ছুটির কারণে বিপুল সংখ্যক শ্রমিক বাড়ি ফিরছেন, ফলে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন