গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্ট কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকরা অভিযোগ করেন, তাদের বকেয়া বেতন সময়মতো পরিশোধ না হওয়ায় তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। দ্রুত বেতন পরিশোধের দাবিতে তারা এই বিক্ষোভে অংশ নেন।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও থানা পুলিশ অবস্থান করছে।
কোনাবাড়ি থানার এসআই মো. কামরুল হাসান জানান, মালিক পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

