গাজীপুরের টঙ্গী এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন- ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭), রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শনিবার সন্ধ্যায় প্রথম হামলায় রবিউল, সাফি ও নয়ন আহত হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর রোববার বিকেলে প্রতিপক্ষের হামলায় শাহাদাত, ফিরোজ ও রোহান আহত হন। হামলার সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
টঙ্গী পূর্ব থানার এসআই (তদন্ত) ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দুই-তিন রাউন্ড গুলি বর্ষণ হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন