ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাইটের পারিশ্রমিক না পেয়ে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:২৬ পিএম
গাজিপুরে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় নাইটের পারিশ্রমিক ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়, যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

শ্রমিকরা জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া নাইটের পারিশ্রমিক ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় তারা উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান কর্মসূচি পালন করছেন। কারখানার ভেতরে জড়ো হয়ে শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে স্লোগান দিতে থাকেন। 

তাদের অভিযোগ, কয়েক মাস ধরে নাইটের পারিশ্রমিক বকেয়া রয়েছে এবং বাৎসরিক ছুটির টাকাও পরিশোধ করা হয়নি। দ্রুত এসব পাওনা পরিশোধ না করলে কাজে ফিরবেন না বলে জানান তারা।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের দুই মাসের নাইট বিল বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ আগামী মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে কর্মবিরতিতে গেছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীন কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, শ্রমিকরা কারখানার ভেতরেই শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনা চলছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে শ্রমিক অসন্তোষের এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা সময়মতো পরিশোধ না হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

বর্তমানে শ্রমিকদের দাবি আদায়ের বিষয়টি নিষ্পত্তির জন্য মালিকপক্ষ ও প্রশাসনের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।