ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৫৬ এএম
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিহতরা হলেন- পুবাইলের মৃধা বাড়ি এলাকার সজিব ও সাতালি পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বাপ্পি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে তারা মোটরসাইকেলে করে রেলক্রসিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সজিব ও বাপ্পির মৃত্যু হয়।

খবর পেয়ে পুবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনরা থানায় আবেদন করলে আইনগত প্রক্রিয়ার পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রেলক্রসিংটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তারা এখানে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।