ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, লুটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, গুলি এবং ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঝুট বোঝাই ট্রাক থেকে মালামাল লুট এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহানগরের বাসন থানার একটি শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে শনিবার ঝুট সংগ্রহ করতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।

তাদের দাবি, ঝুট বোঝাই একটি ট্রাক নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরই একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ট্রাক থামিয়ে ঝুট লুটে নেওয়ার চেষ্টা করে এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগে বলা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াই শ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

হামলার সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

এ বিষয়ে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুট ব্যবসাসংক্রান্ত একটি বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযোগের প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।