ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই মামলায় জামিনে মুক্ত আনিস আলমগীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে দুই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় আদালত থেকে জামিন মঞ্জুরের আদেশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি দেয়।

কারা সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পান আনিস আলমগীর। গত বছরের ১৫ ডিসেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ওই মামলাতেও আদালত থেকে জামিন লাভ করেন তিনি।

দুই মামলায় জামিন মঞ্জুর হওয়ায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেয়।

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর দেশের একটি সময়ের জনপ্রিয় দৈনিক ‘আজকের কাগজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।