ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে যৌথ অভিযানে অবৈধ জ্বালানি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:২১ পিএম
গাজীপুরে যৌথ অভিযানে অবৈধ জ্বালানি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৪৭৫ লিটার অকটেন জব্দ করেছে জেলা প্রশাসন।

জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার নূর নাহিন নিশাদ এবং ফাহমিদা বিনতে হাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই সদস্যরাও অংশগ্রহণ করেন।

অভিযানকালে ‘তোয়াসিন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অকটেন মজুতের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক তোফাজ্জল হোসেন অবৈধভাবে এসব জ্বালানি তেল সংরক্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত অকটেন অবৈধভাবে মজুত করে পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম জ্বালানি খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়।

অভিযান শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা আরও জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

তারা আশা করছেন, প্রশাসনের নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের অনিয়ম কমে আসবে এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে।