গাজীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও বিভিন্ন মামলার আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
রোববার (৫ এপ্রিল) জিএমপির অপরাধ (উত্তর) বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় পৃথক এসব অভিযান চালানো হয়।
সদর থানার একটি টিম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো. রোকন (২০), মো. লিমন শেখ (২০) এবং মো. লোকমান হাকিম (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে। একই থানার আরেকটি টিম আলোচিত হাতের কবজি বিচ্ছিন্ন মামলার সঙ্গে জড়িত রেজাউল করিম (২৫) ও আল মাহবুব পাপল (৩০)–কে আটক করে।
এ ছাড়া সদর থানার অস্থায়ী হাতিয়াব ক্যাম্পের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. ছলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত একটি জিআর ও একটি সিআর মামলার আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন এবং ৫০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। একই সঙ্গে দুটি সিআর মামলার আসামি গ্রেপ্তার এবং ভুয়া পুলিশ পরিচয়দানকারী দুজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি জিআর ও দুটি সিআর মামলার আসামি এবং নিয়মিত মামলার আরও একজনকে আটক করা হয়। পৃথক অভিযানে নন-এফআইআর প্রসিকিউশনের আওতায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাশিমপুর থানা পুলিশের অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুজন, নিয়মিত মামলায় একজন এবং একটি জিআর ও একটি চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ–উত্তর)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন