ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে দুই বান্ধবীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের খুজেখালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো- খুজেখালী গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে মারজিয়া আক্তার মিম এবং একই গ্রামের শ্যামলের মেয়ে সুবর্ণা। মিম গোসিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। অপরদিকে সুবর্ণা গোসিংগা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে মিম ও সুবর্ণা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। তারা দুজনেই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তারা নিখোঁজ হয়।

এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সুবর্ণাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মিম নিখোঁজ থাকায় স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালায়। অবশেষে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই কিশোরীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। অকালেই ঝরে যাওয়া এই দুই প্রাণের শোক কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী।