গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া এলাকায় আঁখি আক্তারের উদ্যোগে গাজীপুর ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ প্রচার করার প্রতিবাদে তার ছোট ভাই আবুল কাশেম মঙ্গলবার কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আবুল কাশেম গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে এবং ডিসি অফিসের কর্মচারি বেলায়েত হোসেনের ছোট ভাই।
জানা যায়, কাপাসিয়া উপজেলার ধানদিয়া এলাকায় সোনাপুর মৌজার আর এস ৭০, ৭১, ৭২ ও ৭৪ খতিয়ানে মালিক আব্দুল হাই খাঁ এর ছেলে কাজল মিয়ার কাছ থেকে বিগত ১৩ নভেম্বর ২০২৫ সালে ৪৬৫ শতাংশ জমির ১৪ শতাংশ জমি সাব কাওলা দলিল খরিদ করেন বেলায়েত হোসেন ও তার ছোট ভাই আবুল কাশেম। পরে নিজ নিজ নামে নামজারি করে চাষাবাদ করে ভোগ দখল করেন তারা। এ জমি নিয়ে স্থানীয় আঁখি আক্তার নামে এক নারী জমির ওয়ারিশ দাবি করে আসছেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে বেশকিছু দিন ধরে। গত ১৮ এপ্রিল ওই নারীর উদ্যোগে ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে সংবাদ প্রচার করা হয়।
এর প্রতিবাদে মঙ্গলবার বেলায়েত হোসেনের ছোট ভাই আবুল কাশেম পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।
আবুল কাশেম তার লিখিত বক্তব্যে বলেন, আঁখি আক্তার তিনি অহেতুক দাবি নিয়ে আমাকে ও আমার ভাই বেলায়েত হোসেনকে হয়রানি করছেন। যার কোনো ভিত্তি নেই। যেহেতু ওই নারী আদালতে দারস্থ হয়েছেন। আদালতে যে রায় হবে, তা আমারা মেনে নেব। কিন্ত আঁখি আক্তার আদালতকে অবজ্ঞা করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানববন্ধন করে সংবাদ প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, স্থানীয় কতিপয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে ওই নারী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। সাংবাদিকরা যেন সঠিক তথ্য উদঘাটন করে এবং তা প্রচারের মাধ্যমে দেশ ও জাতি জানতে পারে এমনটি দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন