যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা ছবি ভাইরাল হওয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া রুনা পারভীন (২৫) অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুনা পারভীনকে আটক করা হয়। পরদিন ২০ জুলাই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার রুনা পারভীন ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার একটি বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে। এরপর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং বিভিন্ন আইএমইআই নম্বরযুক্ত একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
ডিবি পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন