গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে। পরে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের বিএনপি কর্মী মো. শামীম মোল্লা গত ২২ এপ্রিল তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি জামায়াত–শিবিরকে উদ্দেশ করে সমালোচনা করেন এবং তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ স্ট্যাটাসের জেরে স্থানীয় জামায়াতের এক কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে শামীম মোল্লাসহ কয়েকজন বিএনপি ও ছাত্রদল কর্মী মোটরসাইকেলে করে তিলশুনিয়া দক্ষিণপাড়ায় ওই জামায়াত কর্মীর দোকানে যান। সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন আহত হন এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
আহতদের মধ্যে ছাত্রদলের কয়েকজন কর্মী রয়েছেন। তাদের ময়মনসিংহের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের খোঁজ নিতে শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান হাসপাতালে যান।
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও থানায় একটি পাল্টা অভিযোগ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার প্রতিবাদে চাঁদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে তিলশুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

