গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ও লাইসেন্সবিহীনভাবে ডিজেল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর পুকুরপাড় এলাকায় পৃথক দুটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আদনানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের প্রথমে মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান লাইসেন্সবিহীন খোলা বাজারে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. আলামিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় দোকানটিতে আনুমানিক ৯৫০ থেকে ১০০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়।
পরবর্তীতে একই এলাকায় ফরহাদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও একইভাবে লাইসেন্সবিহীনভাবে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওই দোকানে প্রায় ৫০০ লিটার ডিজেল মজুত থাকার তথ্য পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অবৈধ মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন