ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আহত ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গী কেরানীরটেক বস্তিতে অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীর হামলার মুখে পড়ে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুলিশের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হয়। এ সময় যুবদল নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল টঙ্গীর কেরানীরটেক বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে অভিযানে নামে ডিবির একটি দল।

পুলিশ জানায়, ডিবি সদস্যরা বস্তিতে প্রবেশ করে সন্দেহভাজনদের ধরতে গেলে স্থানীয় কিছু লোক উত্তেজিত হয়ে ওঠে এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরপর চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে ঘটনাস্থলে এক নারীসহ পুলিশের চার সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে যুবদলের এক নেতাসহ মোট সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অভিযানের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন বলেন, কেরানীরটেক এলাকায় অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।