ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুলনা আঞ্চলিক কেন্দ্রে বাউবি উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) খুলনা আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারী, চলমান বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরদের অংশগ্রহণে মানসম্মত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে প্রমোশনাল কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে খুলনা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক, শ্রমজীবী ও প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টির বেশি সক্রিয় উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সারা দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। দেশের বাইরে সাতটি দেশেও প্রবাসী বাংলাদেশিদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমধর্মী পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও সরকারের আর্থিক সহায়তা সীমিত হওয়ায় প্রতিষ্ঠানটি মূলত নিজস্ব আয়ের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট নিরসনে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে একবিংশ শতাব্দীর উপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে অটোমেশন, অনলাইন সেবা ও আইসিটি অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। পরীক্ষাব্যবস্থা, অভিযোগ নিষ্পত্তি ও শিক্ষার্থীসেবা দ্রুততর করতে নতুন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হাজারো শিক্ষার্থীর অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

তিনি অংশীজন, সমন্বয়কারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানীর বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় জোরদার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। শেষে তিনি উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বলেন, স্টেকহোল্ডাররাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি এবং তাদের সম্মান ও প্রত্যাশা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আগাম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাও জানান।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আঞ্চলিক কেন্দ্রে একটি মিষ্টি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইনও একটি নিমগাছের চারা রোপণ করেন।

বাউবির খুলনা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মাহমুদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে স্টেকহোল্ডারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করা সম্ভব।

সভায় বক্তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবর রহমান। সভায় আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং চলমান প্রোগ্রামসমূহের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটররা উপস্থিত ছিলেন।